প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
ডেমরায় পরিত্যক্ত অবস্থায় ৪টি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০

ঢাকা মহানগর পুলিশের ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ ধাতব লিভারযুক্ত মোট ৪টি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব-১০।
রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাব দীর্ঘদিন ধরেই একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবৈধ বিস্ফোরক দ্রব্য, অস্ত্র মজুদ ও পরিবহন রোধে বাহিনীটি নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে আসছে। আধুনিক প্রযুক্তি ও সুশৃঙ্খল জনবলের সমন্বয়ে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করছে।
গত ৫ আগস্ট ২০২৪ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা দেশের বিভিন্ন থানায় সমন্বিত হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে এসব অবৈধ অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ নির্দেশনা দেন, যা বাস্তবায়নে র্যাব আরও সক্রিয় ও জোরদার অভিযান পরিচালনা করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় ২৯ নভেম্বর ২০২৫ রাত প্রায় ১৯:৪০ ঘটিকায়, র্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি’র ডেমরা থানাধীন সারুলিয়া গরুর হাটের পশ্চিম পাশের খালপাড়ে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড সদৃশ বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয়।
র্যাব জানায়, এই অভিযান আবারো প্রমাণ করল—দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে র্যাব সর্বদা প্রস্তুত ও সচেষ্ট। ভবিষ্যতেও জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে র্যাব-১০।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল